মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

খিলগাঁওয়ের মেরাদিয়ায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে পুলিশের সোর্স নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত সোর্সের নাম আসিফ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে আসিফকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল শুক্রবার তার মৃত্যু হয়।

আসিফের দুলাভাই গিয়াস উদ্দিন জানান, আসিফ খিলগাঁও থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ওখানকার পোড়াবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী জিন্নাতসহ কয়েকজন নিয়মিত মাদক ব্যবসা করে আসছিল। আসিফ এসব তথ্য থানা পুলিশকে বিভিন্ন সময় দিতেন। এ কারণে বৃহস্পতিবার রাতে আসিফকে ফোন করে ডেকে নিয়ে যায় জিন্নাতসহ বেশ কয়েকজন। এর কিছুক্ষণ পরই আসিফকে ছুরিকাঘাতের খবর শুনে মেরাদিয়া লাল মিয়া হোটেলের সামনে গিয়ে আসিফের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়। রক্তাক্ত অবস্থায় আসিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল দুপুরের দিকে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

গিয়াস উদ্দিন আরো জানান, আসিফের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামে। বাবা মৃত হোসেন মিয়া। চার বোন, দুই ভাইয়ের মধ্যে আসিফ ছিল পঞ্চম। স্ত্রী মুন্নিকে নিয়ে মেরাদিয়া নয়াপাড়া এলাকায় থাকতেন। খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, কয়েক জনের ছুরিকাঘাতে এক জনের নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে লোক পাঠানো হয়েছে। নিহত আসিফ তাদের সোর্স কি না তা এখনো নিশ্চিত নয়।