চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আট মৃত্যু, শনাক্ত ৩০৫

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:২২

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আট জনের মৃত্যু হয়েছে। এ সময়  আক্রান্ত হয়েছেন আরো ৩০৫ জন। চট্টগ্রামের করোনা পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের কোভিড পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে নগরীর রয়েছে ২৭১ জন। উপজেলার ৩৪ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৭০ শতাংশ। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আট জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান সাংবাদিকদের জানান, চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৩৮০ জন। এর মধ্যে রয়েছেন মহানগরীর ৩৭ হাজার ২১৫ জন এবং বিভিন্ন উপজেলার ৯ হাজার ১৬৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪৪৫ জন। তাদের মধ্যে ৩২৯ জন শহরের এবং ১১৬ জন বিভিন্ন উপজেলার।