রংপুরে মসজিদের চাঁদা আদায় নিয়ে দুই কমিটির সংঘর্ষ, মুসল্লি নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৩৯

রংপুরের কাউনিয়া হারাগাছ পৌরসভা মসজিদের চাঁদা আদায়ের টাকা নিয়ে নতুন কমিটির সঙ্গে আগের কমিটির সংঘর্ষে নাজমুল ইসলাম (৪৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে ও দুই জন আহত হয়েছে। পুলিশ চার জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হারাগাছ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যানটারী সারাই জুম্মাপড়া জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ। নিহত নাজমুল সত্বাজার এলাকার আব্দুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার দুপুরে সারাই জুম্মাপড়া জামে মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে পূর্বের কমিটির সদস্য দয়াল ইসলামের সঙ্গে নতুন কমিটির সদস্য আব্দুল বারি ভেলুর বাগিবতণ্ডা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভেলু দলবল নিয়ে দয়ালের ওপর অতর্কিত হামলা করে। ফলে সংঘর্ষ শুরু হয়ে যায়। এ সময় দয়ালের ভাই নূর আলম ও ভগ্নিপতি নাজমুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। সংঘর্ষে নাজমুল ছাড়াও দয়াল মিয়া (৩৮) ও নুর আলম গুরুতর আহত হয়। নাজমুলকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ভেলুর     বাড়ি ঘিরে ফেলার চেষ্টা করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ভেল্লু মিয়া (৫২), তার স্ত্রী স্বপ্না (৪২) ও দুই ছেলে রিপন মিয়া (১৮) এবং জীবন মিয়াকে (১৬) কে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রংপুর মেট্রোপলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের  হয়েছে।