করোনায় মারা গেলেন বিসিবির সাবেক পরিচালক এম এ গফুর

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪০

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে করোনা ভাইরাস আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বাদ জুমা রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড় তেঁতুল তলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে নগরীর নূরপুর বড় কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক এম এ গফুর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর বিভাগীয় ডিলার সমিতির সভাপতি ছিলেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকও ছিলেন। চলতি মাসের ২ এপ্রিল হঠাত্ অসুস্থ হয়ে পড়লে এম এ গফুরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিত্সাধীন অবস্থায় ৫ এপ্রিল তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ঐ দিন তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।