যুক্তরাষ্ট্রে ফের বেপরোয়া বন্দুকধারী, আট জনকে হত্যার পর আত্মহত্যা

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪৩

যুক্তরাষ্ট্রে আবারও বেপরোয়া বন্দুকধারী। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে আট জনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করল বন্দুকধারী। হামলায় আহত হয়েছে অনেকে। দেশটিতে গত মাসেই বন্দুক হামলায় ৩০ জনের প্রাণ গেছে। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সহিংসতা রোধে সীমিত পদক্ষেপ নিয়েছেন। খবর ডেইলি মেইলের

ইন্ডিয়ানাপোলিসের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আমেরিকার বহুজাতিক পরিষেবা সংস্থা ফেডএক্সের গুদামেই এই হামলা হয়। গতকাল শুক্রবার পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার পর হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি পার্কিংলটে তার পার্ক করা গাড়ি থেকে বন্দুক বের করেই গুলি শুরু করে। এক থেকে দুই মিনিট ধরে গুলি চলে। এরপর সে নিজেই নিজের জীবন কেড়ে নেয়। ঘটনাস্থলেই আট জন নিহত হয়। আহত অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুজনকে প্রাথমিক চিকিত্সা শেষে ছেড়ে দেওয়া হয়। একজনের অবস্থা গুরুতর। বন্দুকধারীসহ হামলায় ৯ জনের প্রাণ গেছে বলে শহরের পুলিশ প্রধান জানিয়েছেন। পুলিশ বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি। হামলার কারণও জানা যায়নি। সে ফেডএক্সের কর্মকর্তা ছিল কি না সেই বিষয়টি জানার চেষ্টা করছে পুলিশ।

ইন্ডিয়ানাপোলিসের অপরাধবিষয়ক তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশের উপপ্রধান ক্রেইগ ম্যাককার্ট জানান, বন্দুকধারী গাড়ি নিয়ে এসে খুব দ্রুত হামলা চালায়। কারো সঙ্গে বিতর্কের ঘটনাও ঘটেনি। খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সে আট জনের প্রাণ কেড়ে নেয়। ম্যাককার্টের ধারণা, বন্দুকধারী মূল প্রবেশপথ দিয়ে প্রবেশ করেনি। কারণ সেখানে পরিচয়পত্র দেখানোর প্রয়োজন হয় এবং মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে আসতে হয়। তিনি জানান, সেখানে পুলিশ কোনো গুলি চালায়নি। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি এক ব্যক্তিকে গাড়ির ট্রাংক থেকে সাব মেশিনগান বের করেই গুলি চালাতে এবং মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার সকালে প্রেসিডেন্ট বাইডেনকে বন্দুক হামলা সম্পর্কে জানানো হয়। বন্দুকবাজের হামলা আমেরিকার অন্যতম সমস্যায় পরিণত হয়েছে বিগত কয়েক বছরে। মাঝেমধ্যেই এ রকম হামলার খবর শোনা যাচ্ছে।