বরেণ্য অভিনেত্রী চিত্রনায়িকা সারাহ বেগম কবরীর শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিত্সকরা তার শারীরিক অবস্থাকে স্থিতিশীল বলছেন না। এদিকে গত বৃহস্পতিবার কবরীকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, তার ফুসফুসের সংক্রমণের অবস্থা ভালো নয়।
কবরীর ছেলে শাকের চিশতী তার মায়ের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া কামনা করেন।
এর আগে, কবরীর উন্নত চিকিত্সার জন্য গত শনিবার সকাল সাড়ে ১০টায় বিশেষজ্ঞ চিকিত্সকদের নিয়ে একটি বোর্ড বসেছিল বলে জানান অধ্যাপক ফারুক আহমেদ।
গত ৫ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হন কবরী। সেই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিত্সকরা। ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ পাওয়া যায়। এখন সেখানেই চিকিত্সাধীন তিনি।
