৪৫ আসনে ভোট আজ

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪৫

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় আজ শনিবার ছয় জেলার ৪৫ আসনে ভোটগ্রহণ হবে। এদিন ভাগ্য নির্ধারিত হবে তৃণমূল কংগ্রেসের চার মন্ত্রী এবং তিন তারকা প্রার্থীর। এদিকে, করোনা সংক্রমণ ঠেকাতে নির্বাচনি প্রচারণার সময় কমিয়ে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। বাকি তিন দফায়ও ৭২ ঘণ্টা আগে নির্বাচনি প্রচারণা শেষ করতে হবে দলগুলোকে। সন্ধ্যা ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রচারণা বন্ধ থাকবে। অর্থাত্ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।

অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। একদিন আগেই মারা যান জাতীয় কংগ্রেসের মুর্শিদাবাদের সামশেরগঞ্জের প্রার্থী রেজাউল হক। তাদের মৃত্যুতে ঐ দুই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ এপ্রিল এই আসনে ভোট হওয়ার কথা ছিল।

আজ পঞ্চম দফায় কালিম্পং জেলার একমাত্র আসনের পাশাপাশি জলপাইগুড়ির সাত, দার্জিলিংয়ের পাঁচ, উত্তর ২৪ পরগনার ১৬, পূর্ব বর্ধমানের আট এবং নদিয়ার আট আসনে ভোটগ্রহণ হবে। যে চার মন্ত্রীর ভাগ্য নির্ধারিত হবে তারা হলেন—ব্রাত্য বসু, সুজিত বসু, গৌতম দেব এবং সিদ্দিকুল্লা চৌধুরী। সাবেক মন্ত্রী মদন মিত্রর ভাগ্যও নির্ধারিত হবে আজ। এছাড়া তৃণমূল কংগ্রেসের দুই তারকা প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী ও অদিতি মুন্সি এবং বিজেপির পর্নো মিত্রর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা।

এদিকে, তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল শুক্রবার এক নির্বাচনি জনসভায় দাবি করেছেন, বিজেপির বহিরাগতরা নির্বাচনি প্রচারণা চালাতে আসায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়েছে। তিনি বলেন, রাজস্থান  থেকে লোক এনে প্যান্ডেল করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদি স্থানীয় লোক দিয়ে প্যান্ডেল বানান। বাইরে থেকে লোক এনে সংক্রমণ ছড়াবেন না।

অন্যদিকে, মতুয়া অধ্যুষিত নদিয়ার তেহট্টে গিয়ে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনের নাম পরিবর্তন করে শ্রীধাম ঠাকুরনগর করার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, তৃণমূল ক্ষমতায় থাকলে আপনারা কোনো দিনও নাগরিকত্ব পাবেন না। বিজেপি সরকার ক্ষমতায় এলে নাগরিকত্ব প্রদানের কাজ দ্রুত শুরু হবে।