বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪৭

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল জলদী গহীন পাহাড়ে বন্য হাতির আক্রমণে নুর আয়েশা নামে এক বৃদ্ধা মারা গেছেন। শুক্রবার ভোরে সেহেরির খাবার খেয়ে পাহাড়ে নিজের বাগান থেকে লেবু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হন তিনি। স্থানীয় লোকজন বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুর আয়েশা ঐ এলাকার মৃত ফেরদৌস আলীর স্ত্রী।

জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ‘নিহত বৃদ্ধার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে বনবিভাগ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করা হবে।’

হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এ সময় তিনি দাফন কাজ সম্পন্ন করার জন্য নিহতের পরিবারকে সরকারি তহবিল হতে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।