হংকংয়ে মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের কারাদণ্ড

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪৭

হংকংয়ে গণতন্ত্রপন্থি মিডিয়া টাইকুন জিমি লাইকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আরো অনেক গণতন্ত্রপন্থিকে গতকাল শুক্রবার কারাদণ্ড দেওয়া হয়। অ্যাপল ডেইলি-এর প্রতিষ্ঠাতা ৭৩ বছর বয়সি জিমি লাই চীনের কট্টর সমালোচক। খবর সিবিসি নিউজের

২০১৯ সালের ১৮ আগস্ট এবং ৩১ আগস্ট অনুমতি ছাড়া সমাবেশের দায়ে জিমি লাইসহ অনেককে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন অ্যাক্টিভিস্ট মার্টিন লি (৮২) এবং মার্গারেট এনজি (৭৩) রয়েছেন। তবে এই দুজনের কারাদণ্ড স্থগিত করা হয়েছে। চলতি সপ্তাহে লাইয়ের অ্যাপল ডেইলি হাতে লেখা একটি চিঠি প্রকাশ করে। কারাগার থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘সাংবাদিক হিসেবে ন্যায়বিচার চাওয়া আমাদের দায়িত্ব। আমরা অন্ধ হয়ে বসে থাকতে পারি না’। লাইকে দুটি মামলায় ১৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আরো ছয়টি মামলায় অভিযোগ গঠন করা হচ্ছে। এর মধ্যে দুটি সম্প্রতি চীন প্রণীত জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে। এই অভিযোগে অভিযুক্ত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন। তার বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজসে শহরকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করার অভিযোগ আছে।