মিয়ানমারে ঐকমত্যের সরকার গঠন করল অভ্যুত্থানবিরোধীরা

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪৭

মিয়ানমারে জান্তাবিরোধীরা ঐকমত্যের সরকার গঠন করেছেন। সামরিক শাসনের অবসান ঘটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভ্যুত্থানবিরোধীরা জানিয়েছেন। এই সরকারে ক্ষমতাচ্যুত এমপি, বিরোধী নেতা এবং সংখ্যালঘুরা রয়েছেন। খবর রয়টার্সের

গত পহেলা ফেব্রুয়ারি অং সান সু চির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে সেনাবাহিনী। তখন থেকেই দেশটিতে সামরিক শাসনবিরোধী বিক্ষোভ চলছে। এতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭০০র বেশি মানুষের প্রাণ গেছে। কিন্তু তার পরও বিক্ষোভ থেমে নেই। সুচির দলের ক্ষমতাচ্যুত এমপি ও অন্য রাজনৈতিক দলের নেতারা এক হওয়ার চেষ্টা করছেন। তারা দেশের মানুষকে এবং বিদেশিদের দেখানোর চেষ্টা করছেন যে, সামরিক জান্তা নয়, তারাই মিয়ানমারের বৈধ সরকার।

জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে ১০ মিনিটের এক ভিডিওতে নেতা মিন কোন নাইং বলেন, দয়া করে গণতান্ত্রিক সরকারকে স্বাগত জানান। তিনি বলেন, এ সরকারে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তিনি বলেন, আমরা তৃণমূল থেকে সরকার গঠনের চেষ্টা করছি। তাই আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। এ সরকারের মূল লক্ষ্য হবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ। সরকারের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ড. সাসা বলেন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ভেনিজুয়েলায় বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর সরকারকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধি। তাই বিশ্ব যদি আমাদের স্বীকৃতি না দেয় তাহলে ধরে নেওয়া হবে তারা গণতন্ত্রকে প্রত্যাখ্যান করছেন।