হেফাজতের ঢাকা মহানগর নায়েবে আমির গ্রেফতার

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২২:৪৮

হেফাজতে ইসলামীর ঢাকা মহানগরীর নায়েবে আমির মাওলানা জুবায়েরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। গতকাল শুক্রবার লালবাগ মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা জুবায়ের আহমেদ মরহুম মুফতি ফজলুল হক আমিনীর বড় জামাতা।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম জানান, জুবায়ের নামে হেফাজতের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, মাওলানা জুবায়ের আহমেদকে ২০১৩ সালের শাপলা চত্বরের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে।