যুক্তরাষ্ট্রের দশ কূটনীতিককে বহিষ্কার করবে রাশিয়া। গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই তথ্য জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের অলাভজনক বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে কাটছাট করবে এবং মার্কিন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞাও দেবে মস্কো। খবর সিএনএনের
সাইবার হামলা এবং মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে বৃহস্পতিবার দশ রুশ কূটনীতিককে বহিষ্কার এবং বিভিন্ন রুশ কোম্পানি ও ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর জবাবে রাশিয়া পালটা পদক্ষেপ নিচ্ছে। গতকাল মস্কোতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পালটা ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র দশ কূটনীতিকের তালিকা আমাদের হাতে দিয়েছে। তাদেরকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার কথা বলা হয়েছে। আমরাও যুক্তরাষ্ট্রের হাতে দশ মার্কিন কূটনীতিকের তালিকা তুলে দেবো এবং তাদেরকেও দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান জানাবো’। এছাড়া আট মার্কিন কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে ল্যাভরভ জানান। পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ আরো বলেন, যেসব মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান এবং ফাউন্ডেশন আমাদের দেশের কাজে হস্তক্ষেপ করছে সেগুলো কার্যক্রমেও আমরা হস্তক্ষেপ করবো।
