কুলিয়ারচরে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৫০

কিশোরগঞ্জ প্রতিনিধি

কুলিয়ারচরে গাছ থেকে শিশুদের আম পাড়ার ঘটনার জেরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। শুক্রবার বিকালে আম পাড়াকে কেন্দ্র করে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মধ্যলালপুর গ্রামের কাঞ্জিবাড়ি ও মৃধাবাড়ির শিশুদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে শনিবার সকালে মৃধাবাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাঞ্জিবাড়ির লোকজনের ওপর হামলা চালায়। এসময় উভয় পক্ষের লোকজনের সংঘর্ষে দায়ের কোপে লিটন মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে ১০ জন। নিহত লিটন মিয়া ঐ গ্রামের আব্বাস আলীর ছেলে। কুলিয়ারচর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে প্রেরণ করা হয়েছে।