সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৫০

বিদ্যুত্স্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু বাবা আহত

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামে জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাসুদ রানা (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে তার বাবাও আহত হন। শনিবার উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা লক্ষ্মীপুর গ্রামের আহসান শেখের ছেলে। সে বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য নুর ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

জগন্নাথপুরে হামলায় যুবক নিহত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জগন্নাথপুর উপজেলার পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মাসুম আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকালে ভবানীপুর গ্রামে বাড়ির জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে। নিহত মাসুম পূর্ব ভবানীপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে পূর্ব ভবানীপুর গ্রামের রুবেল মিয়া ও গয়াছ মিয়াকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, হত্যাকাণ্ডের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

লোহাগাড়ায় করোনায় যুবকের মৃত্যু

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লোহাগাড়ায় আবদুর রহমান মানিক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন মানিকের জেঠাতো ভাই নুরুন্নবী কবির। আবদুর রহমান মানিক উপজেলার চুনতি হাফেজিয়া মাদ্রাসাসংলগ্ন মরহুম নুরুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন। গত ২৯ মার্চ করোনা উপসর্গ নিয়ে মানিককে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।  

মাগুরায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৮

মাগুরা প্রতিনিধি মাগুরা জেলা পুলিশ শনিবার ভোররাতে ঝিনাইদহের কালিগঞ্জ থেকে হত্যা মামলার আসামি সালমান ওরফে তোতা ওরফে পঙ্খিকে গ্রেফতার করেছে। এছাড়া মাগুরা সদর থানাপুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ চোরচক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ চোরচক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে পুরাতন ছয়টি বাইসাইকেল, একটি পাম্প মেশিন ও একটি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, ঝিনাইদহের কালিগঞ্জ থেকে হত্যা মামলার আসামি সালমান ওরফে তোতা ওরফে পঙ্খিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

লালপুরে আট বসতঘর পুুড়ে ছাই

লালপুর (নাটোর) সংবাদদাতা লালপুর উপজেলার পানঘাটা গ্রামের তিন কৃষক পরিবারের আটটি বসতঘর আগুনে পুড়ে গেছে। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কদিমচিলান ইউপির পানঘাটা সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা জানান, রাতে কদিমচিলান ইউপির পানঘাটা গ্রামের আকবর সরদারের ঘরে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন আকবর সরদারের তিন ছেলে এবং পার্শ্ববর্তী আবুল ও সহাবুলের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও লালপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আটটি ঘরের চৈতালী ফসল, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।  লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।