রান পেলেন তামিম-মুশফিকরা

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:১১

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনটা স্বস্তি নিয়েই শেষ করেছেন ব্যাটসম্যানরা। কাতুনায়েকের চিলাও মেরিয়ান্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে (সিএমসিজি) বাংলাদেশ রেড দলের হয়ে চার ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে গতকাল প্রথম দিনে রেড দল ৭৯.২ ওভারে ৬ উইকেটে ৩১৪ রান তুলেছে।

যদিও দলটির ব্যাটসম্যানদের আউট হয়েছেন শুধু তাইজুল ইসলাম। ২ রান করে তিনি শুভাগত হোমের শিকার হন। বাকি ব্যাটসম্যানরা স্বেচ্ছা অবসরে গিয়েছেন। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে তামিম, মুশফিকরা হাফ সেঞ্চুরির পর অবসরে যান।

গতকাল ব্যাটিংয়ে খুব বেশি কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়নি ব্যাটসম্যানদের। লাঞ্চের আগেই তামিম হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। তীব্র গরমে বাংলাদেশ গ্রিন দলের বোলাররা সুবিধা করতে পারেননি। পেসারদের মধ্যে এবাদত হোসেন ১০, শহীদুল ইসলাম ১০, শরীফুল ইসলাম ১১, মুকিদুল ইসলাম ১৩ এবং স্পিনার নাঈম হাসান ১৬, মুমিনুল হক ৩ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন। ১১.২ ওভার অফস্পিন করে উইকেট পেয়েছেন শুভাগত।

রেড দলের পক্ষে তামিম ৬৩, সাইফ ৫২, শান্ত ৫৩, মুশফিক ৬৬, সোহান ৪৮, মিরাজ অপরাজিত ২৪ রান করেন। রান পাওয়ায় প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শান্ত। প্রস্তুতি ম্যাচের মাধ্যমে কন্ডিশনে মানিয়ে নিতে সুবিধা হচ্ছে বলেই জানালেন তিনি।

গতকাল দিন শেষে শান্ত বলেছেন, ‘আমার মনে হয় এটা খুব ভালো একটা প্রস্তুতি টেস্ট ম্যাচ শুরুর আগে। যেটা করতে চেয়েছিলাম আজকে (গতকাল), ঐ পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছি। আশা করছি যে, এইভাবে যদি ব্যাট করতে পারি তাহলে আমাদের টেস্ট ম্যাচের জন্য ভালো হবে।’ কন্ডিশন নিয়ে অজুহাত নেই শান্তর। তার মতে, ব্যাটসম্যানরা ক্রমশ মানিয়ে নিচ্ছে। বাঁহাতি এ ব্যাটসম্যান বলেন, ‘আমার মনে হয় ব্যাটসম্যানরা যারা আমরা ব্যাট করছি খুব ভালোভাবে ব্যাট করছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছি। আমরা দুই তিন সেশন অনুশীলন করছি। আজকে (গতকাল) একটা ম্যাচ খেললাম, কালকেও (আজ) খেলব। সবমিলিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুব বেশি আসলে চিন্তা করার সুযোগ নাই। এই আবহাওয়ায় খেলতে হবে।’

শান্ত বলেছেন, লঙ্কানদের বিরুদ্ধে টেস্টে ধৈর্য্য প্রদর্শনই হবে সাফল্যের মূল অস্ত্র। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে, যত ধৈর্য্য ও সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে। সফল হওয়ার সম্ভাবনা ঐ টিমেরই বেশি থাকবে। আমার মনে হয় যে, অত লম্বা চিন্তা না করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি। তাহলে আরেকটু সহজ হবে।’