স্পোর্টস রিপোর্টার
চলছে এপ্রিল মাস। দ্বীপ দেশ শ্রীলঙ্কার রাজধানী কলম্বো পুড়ছে তপ্ত রোদে। প্রচণ্ড গরমের মধ্যেই শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। যেখানে প্রচণ্ড গরম, সার্বিক কন্ডিশন বড় বাধা হতে পারে টাইগারদের জন্য।
বিশেষ করে পেস বোলাররা চ্যালেঞ্জের মুখে পড়বেন। গতকাল প্রস্তুতি ম্যাচে কোনো পেসারই উইকেট পাননি। চার পেসার মিলে দিনভর ৪৪ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন। গরম, রোদের মধ্যে নিজেদের মনোসংযোগ ধরে রাখা, ফিট থেকে বোলিং করা কঠিন চ্যালেঞ্জ। পানিশূন্যতা দেখা দিতে পারে। সব মিলিয়ে পেসারদের জন্য চ্যালেঞ্জিং কন্ডিশন।
গতকাল প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা শেষে বিষয়টি তুলে ধরেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে তার আশা, আরো কয়েক দিন অনুশীলন হবে এবং পেসাররা মানিয়ে নিতে পারবেন।
মুমিনুলরা প্রস্তুতি ম্যাচ খেলেছেন কলম্বোর কাতুনায়েকের চিলাও মেরিয়ান্স ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে (সিএমসিজি)। যেখানে গতকাল বিকাল সাড়ে ৫টায় ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দিনভর রোদে পুড়েই খেলতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।
পেসারদের মধ্যে এবাদত হোসেন ১০, শহীদুল ইসলাম ১০, শরীফুল ইসলাম ১১, মুকিদুল ইসলাম ১৩ ওভার বোলিং করেছেন গতকাল। দিন শেষে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এখানে প্র্যাকটিস ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। যে উইকেট ও কন্ডিশন, বাউন্স যথেষ্ট ভালো, যেহেতু এটা অনেকটা ফ্ল্যাট ট্র্যাকের মতো। হয়তো টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ।’
প্রধান নির্বাচক আরো বলেন, ‘আমার মনে হয় আগামী দিন আরো একটা দিন বাকি আছে ম্যাচ প্র্যাকটিসে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস যে আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারবে, টেস্ট ক্রিকেটের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট কাজে লাগবে।’
প্রস্তুতি ম্যাচে ক্রিকেটারদের অনুশীলনে তৃপ্ত প্রধান নির্বাচক। তামিম, মুশফিকদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি। মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘যথেষ্ট ভালো প্র্যাকটিস হয়েছে। আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে, বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেন্থ ও ভালো জায়গায় বল করার। সবমিলিয়ে আমি বলবো এটা খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে।’
