সাটুরিয়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৩০

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাটুরিয়ার গোপালপুর ফকিরপাড়া মোড় গাজিখালী ঘাট ভায়া বউবাজার সড়ক নির্মাণে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ উঠেছে। এর আগে এলাকাবাসীর চাপের মুখে ও উপজেলা প্রকৌশলীর নির্দেশে নির্মাণসামগ্রী সরিয়ে নিলেও একই ধরনের সরঞ্জাম দিয়ে আবার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ৯৬৫ মিটার সড়ক নির্মাণের জন্য এলজিইডি টেন্ডার আহ্বান করলে মেসার্স এ এস এম মাহবুবুর রহমান এন্টারপ্রাইজ কাজ পায়। দ্বিতীয় বার একইভাবে কাজ শুরু করলে বিষয়টি উপজেলা প্রকৌশলী এ এফ এম তৈয়াবুর রহমানকে অবহিত করা হলে তিনি দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী (এসও)কে কাজ বন্ধ ও  নিম্নমানের সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। উপজেলা প্রকৌশলী জানান, আগামীকাল (রবিবার) রাস্তা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া  হবে।