গৃহবধূ ও শতবর্ষী বৃদ্ধাকে ধর্ষণ ও তরুণীকে ধর্ষণচেষ্টার বিচার দাবি মহিলা পরিষদের

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৩১

ইত্তেফাক রিপোর্ট

গৃহবধূ ও বৃদ্ধাকে ধর্ষণ এবং তরুণীকে ধর্ষণচেষ্টার তিনটি ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল শনিবার পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক

ডা. মালেকা বানু স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিষদ।

বিবৃতিতে বলা হয় গত, ১৫ ও ১৬ এপ্রিল বিভিন্ন দৈনিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, রাজবাড়ী জেলার সদর উপজেলার চরবাগমারা গ্রামে বিদেশফেরত গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। জানা যায়, গত ১৩ এপ্রিল বিদেশফেরত ঐ গৃহবধূকে চিকিত্সার নামে কথিত কবিরাজ মান্নান গাইয়েন ওরফে মান্নান ও তার সহযোগী চরবাগমারা গ্রামের মৃত মনসুর বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস স্থানীয় একটি বিলের নির্জন মাঠে নিয়ে ধর্ষণ করে। বিবৃতিতে আরো বলা হয়, যশোর জেলার শহরতলির চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল কারিকরপাড়ায় শত বছর বয়সি এক নারীকে ধর্ষণ এবং মারপিট করে গুরুতর আহত করার  ঘটনা ঘটেছে।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামে গিরিধারী জিও মন্দিরের পুরোহিত কর্তৃক তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। মহিলা পরিষদ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণসহ দ্রুত গ্রেফতার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে।