গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ওষুধ কিনতে গিয়ে অপহরণের শিকার নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা সিয়ামনিকে (১৬) গত তিন দিনেও পুলিশ উদ্ধার করতে পারেননি। সিয়ামনি গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ার শাহীন মিয়ার মেয়ে ও স্থানীয় স্বাধীনতা রজতজয়ন্তী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে সিয়ামনিকে উদ্ধার, অপহরণকারী ও তাদের সহযোগীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে অপহূত সিয়ামনির ভগ্নিপতি শহরের ফকিরপাড়া এলাকার মো. আল আমিন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তার বাড়ি থেকে সিয়ামনি লেখাপড়া করত। গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে সিয়ামনি বাড়ির পাশে গাইবান্ধা জেনারেল হাসপাতালের সামনের দোকানে ওষুধ কিনতে যায়। এসময় পূর্ব থেকে ওত পেতে থাকা মেহেদী হাসান সিয়াম ও অপূর্ব মিয়াসহ তাদের সহযোগীরা মোটরসাইকেলযোগে শহরের ডিবি রোড এলাকার ফায়ার সার্ভিসের সামনে থেকে সিয়ামনিকে অপহরণ করে নিয়ে যায়।
