আইনমন্ত্রীর মা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৪৫

ইত্তেফাক রিপোর্ট

আইনমন্ত্রী আনিসুল হকের মা ও দেশের অন্যতম সংবিধান প্রণেতা প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। গত বছরের ১৮ এপ্রিল ৮৬ বছর বয়সে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন জাহানারা হক। ঐ রাতেই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ প্রায় ছয় মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পরলোক গমন করেন তিনি। তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক ২০০২ সালের ২৮ অক্টোবর পরলোক গমন করেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে তার ছোট ছেলে আরিফুল হক রনি চিকিত্সাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে মারা যান। ২০১৮ সালের  ১৫ জুলাই তার একমাত্র মেয়ে সায়মা ইসলামও ৬৫ বছর বয়সে ঢাকায় মারা যান। গত কয়েক বছরে পরিবারের সব সদস্যকে হারান আইনমন্ত্রী আনিসুল হক। বিয়ের তিন বছরের মাথায় ১৯৯১ সালের ২ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় স্ত্রী নূর আমতুল্লাহ্ রিনা হককে হারান আইনমন্ত্রী। এরপর তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তার কোনো সন্তান নেই।