আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনা প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করাই সরকারের বড় চ্যালেঞ্জ।
গতকাল শনিবার ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষ্যে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয়ত মুজিবনগর সরকার তথা স্বাধীনতার চেতনার শত্রু সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, প্রতিহত ও পরাজিত করতে হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে করোনাকে প্রতিহত করব এবং সাম্প্রদায়িক অপশক্তিকেও পরাজিত করব।’
করোনা মোকাবিলায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দেশের তুলনায় ভালো আছে। প্রতিবেশী দেশ ভারতে প্রতিদিন দেড় থেকে ২ লাখের মতো করোনা সংক্রমণ শনাক্ত হচ্ছে। করোনা মোকাবিলার কাজটা খুবই দুরূহ ও কঠিন চ্যালেঞ্জের। শেখ হাসিনার মতো সাহসী কান্ডারি আমাদের সঙ্গে আছেন, করোনার প্রথম তরঙ্গ মোকাবিলায় তিনি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। জীবনের সঙ্গে জীবিকার সমন্বয় করে তিনি পরিস্থিতি মোকাবিলা করেছেন। আজও নেত্রীর ওপর আমাদের ও দেশের জনগণের আস্থা রয়েছে।
