রাজধানীর উত্তরায় রাজউক অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক, কলাম লেখক ও রাজনীতি বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমানের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের চার নম্বর সড়কের দোলনচাঁপা অ্যাপার্টমেন্টের ১২/এ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করে তুরাগ থানাপুলিশ।
পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার শহীদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মরদেহটি বেডরুমে পড়ে ছিল। তবে দুই পা বাথরুমের দরজার দিকে ছিল। বাম পায়ে মোজা পরা ছিল। পরণে ছিল স্যান্ডো গেঞ্জি ও নীল রঙের প্যান্ট। প্যান্টের দুই পায়ের কাপড় হাঁটু পর্যন্ত ভাঁজ করা ছিল। নাক দিয়ে রক্ত ঝরে তা শুকিয়ে গেছে। ডান কাঁধে ঠেস দিয়ে কাত হয়ে তিনি মেঝেতে পড়ে যান। ডান হাত বুকের সঙ্গে স্পর্শ করা ছিল। মেঝেতে মাথার নিচ থেকে বুক পর্যন্ত বমি পড়েছিল যা শুকিয়ে গেছে। তিনি স্ট্রোক করেছেন নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
তিনি আরো জানান, বছর দুই আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ড. তারেক শামসুর রেহমান অবসর গ্রহণ করেন। তার স্ত্রী ও একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি উত্তরায় ঐ ফ্ল্যাটে একাই বসবাস করে আসছিলেন।
রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ সাংবাদিকদের জানান, সকালে তারেক শামসুর রেহমানের বাসায় যান তার বাসার গৃহকর্মী। তখন তিনি দরজার বাইরে থেকে কলিংবেল বাজাতে থাকলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই এবং কেউ দরজা খুলছিল না। পরে গৃহকর্মী নিচে গিয়ে বাড়ির নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানান। এরপর ঐ ভবনের লোকজন ও আশপাশের সবাই ঐ বাসার দরজায় গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পায়নি। পরে বেলা ১১টার দিকে ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ভেতর থেকে দরজা আটকানো এবং কোনো সাড়াশব্দ নেই। পরে পুলিশ ঐ বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।
তুরাগ থানার ওসি মেহেদী হাসান জানান, স্থানীয় লোকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঐ বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
উত্তরা বিভাগের উপ-কমিশনার শহীদুল্লাহ বলেন, সর্বশেষ শুক্রবার রাত ১০টার দিকে পিরোজপুরে বসবাসরত তার ভাতিজির কাছে ফোন করে তার শরীর অসুস্থতার কথা জানান। তিনি তার ভাতিজিকে ফুড পয়জনিংয়ের বিষয়টি জানিয়েছিলেন। তখন ভাতিজি তাকে ওষুধ খেতে পরামর্শ দেন। এরপর তার মোবাইল ফোনে কারো সঙ্গে কথা হয়নি।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য তারেক শামসুর রেহমান আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি এবং তুলনামূলক রাজনীতি নিয়ে তার একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। বই লেখার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন তিনি। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে—ইরাক যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি, গণতন্ত্রের শত্রু-মিত্র, নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি, বিশ্ব রাজনীতির চালচিত্র, উপ-আঞ্চলিক জোট, ট্রানজিট ইস্যু ও গ্যাস রফতানি প্রসঙ্গ, বাংলাদেশ :রাষ্ট্র ও রাজনীতি, বাংলাদেশ :রাজনীতির ২৫ বছর, বাংলাদেশ রাজনীতির চার দশক, গঙ্গার পানি চুক্তি:প্রেক্ষিত ও সম্ভাবনা, সোভিয়েত-বাংলাদেশ সম্পর্ক, বিশ্ব রাজনীতির ১০০ বছর ইত্যাদি।
