ভৈরবে ২৪ ঘণ্টায় চার খুন

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৫৬

ভৈরবে গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত চার খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাভেল মিয়া (২৭), মুকবুল হোসেন (৩০), ফারুক খান (৩০) এবং শরীফ মিয়া (২৮)। গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারীদের হাতে দুই জন এবং সংর্ঘষে দুই জনসহ চার হত্যাকাণ্ডে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভৈরবে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একই পক্ষের দুই জন নিহত হয়েছেন। গতকাল উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়া গ্রামের শেখ বংশের সঙ্গে একই গ্রামের শিকদার বংশের সংর্ঘষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শেখ বংশের শেখ আব্দুল খালেক মিয়ার ছেলে পাভেল মিয়া নিহত হন। পরে দুপুরে লুন্দিয়া গ্রামে ফের দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের ট্যাটাবিদ্ধ হয়ে শেখ বংশের শেখ মোতালিব মিয়ার ছেলে মুকবুল হোসেন নামে আরো এক যুবক নিহত হয়। এছাড়া সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এদিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শুক্রবার রাতে পৌর শহরের চন্ডিবের খাঁ বাড়ির সালাম খানের ছেলে ফারুক খান নিহত হয়েছেন। ফারুক খান সৈয়দ নজরুল ইসলাম সড়কের টোল প্লাজার ৫০০ গজ সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি আশুগঞ্জ থেকে পায়ে হেঁটে অসুস্থ মাকে দেখতে কর্মস্থল থেকে ভৈরবে বাড়িতে আসছিলেন। এছাড়াও গতকাল গাজীরটেক এলাকা থেকে অটোরিকশাচালক শরীফ মিয়া নামে আরো একজনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভৈরব থানার ওসি মো. শাহিন মুঠোফোনে জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্ত রয়েছে। তাছাড়া পৃথক ঘটনায় চার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।