রাজশাহীতে লকডাউনের অজুহাতে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৫৭

রাজশাহীতে লকডাউনের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। লকডাউনে দোকান খোলায় ঐ প্রতারক চক্র পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। গত বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। পরে নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঐ ব্যবসায়ীকে উদ্ধার করে। এ ঘটনায় মাইক্রোবাস চালককে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ জানান, গত বৃহস্পতিবার রাতে একটি মাইক্রোবাস থেকে তার দোকানের সামনে একজন লোক নামেন। তিনি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় আশেপাশের লোকজন ভয়ে পালিয়ে যায়। গাড়ি থেকে নেমে আসা ঐ ব্যক্তি আব্দুল্লাহকে বলেন, ‘লকডাউনে দোকান খোলা কেন?’ তিনি আব্দুল্লাহকে আটক করেন। আব্দুল্লাহর বিকাশের ব্যবসা রয়েছে। তার বাক্সে ১ লাখ ৫০ হাজার টাকাসহ তিনি আব্দুল্লাহকে গাড়িতে তুলে নিয়ে রাজশাহীর দিকে রওনা দেন। পুলিশ জানায়, গাড়িতে তোলার পর ঐ ব্যক্তি আব্দুল্লাহর কাছে আরো ২০ লাখ টাকা দাবি করেন। এতে আব্দুল্লাহ বুঝতে পারেন যে, আটককারী ব্যক্তি ডিবি পুলিশ নয়। প্রকৃতপক্ষে তিনি অপহরণকারী। আব্দুল্লাহর স্বজনরা ঘটনাটি বুঝতে পেরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা পুলিশকে জানান। পরে রাস্তায় চেকপোস্ট বসিয়ে পুলিশ মাইক্রোবাসটি আটক করে।

কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় আশিক, আব্দুল আলীম, চালক মাসুম হোসেন ও অজ্ঞাত আরেক জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া আশিকের বাড়ি কুষ্টিয়ায়। আরেক প্রতারক আলীমের ফোনে পেয়ে তিনি পথের মধ্যেই মাইক্রোবাস থেকে নেমে পালিয়ে যান। তারা শুধু গাড়ির চালককে ধরতে পেরেছেন। আশিককে ধরা গেলে অজ্ঞাত আসামির নাম জানা যাবে। গ্রেফতার চালককে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।