যশোর শহরের চারখাম্বার মোড়ে নির্মিত শেখ রাসেল ভাস্কর্য ক্ষতিগ্রস্ত ও বেষ্টনির কাচ ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। ভাঙচুরে জড়িত অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। আটক আজিম ফকির (৪২) যশোর সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের জয়নাল ফকিরের ছেলে ও প্রেস ব্যবসার সঙ্গে জড়িত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিম ফকির বিভিন্ন মাজার ঘুরে বেড়ায়। শনিবার ভোরে তিনি চারখাম্বার মোড়ে সড়কদ্বীপে পৌরসভা নির্মিত শেখ রাসেল ভাস্কর্যে ইট ছুঁড়ে মারে। এতে ভাস্কর্যের বেষ্টনির কাঁচ ভেঙে যায়। এ সময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি নজরে আসে। এ সময় পুলিশ তাকে আটক করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তৌহিদুল ইসলাম জানান, শেখ রাসেল ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে আজিম ফকির নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। তিনি আরো বলেন, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। সে এর আগে মাদক মামলায় জেলও খেটেছে বলে পরিবার জানিয়েছে।
