চান্দিনায় ১২০০ টাকার জন্য ছুরিকাঘাতে খুন, ঘাতক আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২২:৫৮

চান্দিনায় পাওনা টাকা পরিশোধ করতে না পারায় রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল শনিবার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয়রা হত্যাকারী খলিল মিয়াকে আটক করে।

রফিকুল ইসলাম পার্শ্ববর্তী বরুড়া উপজেলার আরিফুর গ্রামের ফজল মিয়ার ছেলে। তবে প্রায় ২৫ বছর যাবত্ মায়ের সঙ্গে চান্দিনার লতিফপুর গ্রামের মামার বাড়িতে বসবাস করতেন তিনি। রফিকুল পেশায় শ্রমিক। ঘাতক খলিল মিয়া বরুড়া উপজেলার আদমপুর গ্রামের মো. হুমায়ূনের ছেলে। তিনি চান্দিনার লতিফপুর গ্রামের চামড়া ব্যবসায়ী মিলন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী।  জানা যায়, রফিকুল ইসলামের কাছে ১ হাজার ২০০ টাকা পাওনা ছিল খলিল মিয়ার। গতকাল ঐ পাওনা টাকা নিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতির এক পর্যায়ে খলিল মিয়া রফিকুল ইসলামের বুকে ছুরিকাঘাত করে। এসময় স্থানীয়রা ঘাতক খলিলকে আটক করে এবং আহত অবস্থায় রফিকুল ইসলামকে স্থানীয় এক চিকিত্সকের কাছে নিয়ে যায়। পরে চিকিত্সক রফিকুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘাতক খলিল মিয়াকে আটক করেন। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক খলিল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।