জুনায়েদসহ হেফাজতের শীর্ষ দুই নেতা গ্রেফতার

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২৩:১১

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মোহাম্মদ জুনায়েদ আল হাবীবকে গতকাল শনিবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে দুপুরে  হেফাজতের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

আগের দিন শুক্রবার হেফাজতের ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত আমির মাওলানা জুবায়ের আহমেদকে লালবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। আগে গ্রেফতার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ আরো চার নেতা পুলিশের রিমান্ডে আছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার ও গোয়েন্দা পুলিশের প্রধান মাহবুব আলম জানান, শনিবার বিকালে জুনায়েদ আল হাবীবকে বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় কমিটির দায়িত্ব ছাড়াও তিনি ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতির দায়িত্বে রয়েছেন। ২০১৩ সালে শাপলা চত্বর এলাকায় হেফাজতের নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে জানিয়ে এই গোয়েন্দা কর্মকর্তা জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নাশকতার সঙ্গে তিনি জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

এর আগে শনিবার দুপুরে হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, গত ২৬ মার্চ বায়তুল মোকাররম ও ২০১৩ সালে শাপলা চত্বরে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় জালালুদ্দীন আহমাদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সে জন্য আজ রবিবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

গত কয়েক দিনে হেফাজতে ইসলামের মোট সাত কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর বাইরে বিভিন্ন জেলায় আরো নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। তবে সবচেয়ে বড় অভিযুক্ত হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক এখনো আত্মগোপনে।

এদিকে শুক্রবার গ্রেফতার হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত আমির মাওলানা জুবায়ের আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। আট বছর আগে মতিঝিলে তাণ্ডবের পুরোনো মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আজাদ রহমান জানান, আদালতে মাওলানা জুবায়েরের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। কাঠগড়ায় দাঁড়ানো জুবায়েরকে বিচারক জিজ্ঞাসা করেন, তার কিছু বলার আছে কি না। উত্তরে আসামি জানান, হয়রানির জন্য তাকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানোর এই আবেদন করা হয়েছে। এর আগে পুলিশ কর্মকর্তা মাহবুব আলম জানিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় সম্প্রতি মতিঝিল এলাকায় যে নাশকতা হয়, তার সঙ্গে মাওলানা জুবায়েরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর এলাকায় যে নারকীয় ঘটনা ঘটে, তার সঙ্গেও এই হেফাজত নেতার সরাসরি সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ।

এর আগে গ্রেফতার হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ হেফাজত নেতা শাখাওয়াত হোসেন রাজী, ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছেন। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক নাশকতার সঙ্গে ২০১৩ সালের নাশকতার ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।