আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করায় নেতিবাচক প্রভাব পড়ছে পদ্মা সেতু রেল সংযোগ ও অন্যান্য মেগা প্রকল্পে। এমনটা দাবি করেছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চীন সরকারের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড (সিআরইসি)। বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে সিআরইসি আবেদন জানিয়ে বলেছে, বাংলাদেশ সরকার যেন চীন ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল পুনরায় চালু করে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চীন সরকারের সিআরইসি।
সিআরইসি জানিয়েছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প চীন ও বাংলাদেশের মধ্যকার গুরুত্বপূর্ণ একটি যৌথ প্রকল্প। বর্তমানে পুরোদমে চলছে এই প্রকল্পের কাজ। তাই প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের চীন ও বাংলাদেশের মধ্যে প্রায়ই ভ্রমণ করতে হচ্ছে। প্রকল্পের সঙ্গে জড়িত প্রায় ৩০ জন ব্যক্তিকে প্রতি সপ্তাহে চীন ও বাংলাদেশে আসা-যাওয়া করতে হয়। তাই প্রকল্পের স্বার্থে চীনের ফ্লাইট চালু করা জরুরি।
