ঢাকাই চলচ্চিত্রের সোনালি দিনের চিত্রনায়ক ওয়াসিম আর নেই। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে চিকিত্সাধীন অবস্থায় রাজধানীর শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪। বরেণ্য এই অভিনেতার মৃতুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
মূলত অ্যাকশন, বিশেষ করে ফোক-ফ্যান্টাসি ঘরনার সিনেমার এই নায়ক গত কয়েকদিন ধরে বাসায় শয্যাশয়ী ছিলেন। পরিবার থেকে জানানো হয়েছিল তার উন্নত চিকিত্সার প্রয়োজন। কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় উন্নত চিকিত্সার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে পারছিলেন না।
মস্তিস্ক, স্নায়ু ও হার্টের সমস্যায় ভুগছিলেন ওয়াসিম। এর আগে অসুস্থ হওয়ার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিত্সকরা তাকে বাসায় নিয়ে যেতে বলেন। পরে গতকাল অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১৯৭২ সালে ‘ছন্দ হারিয়ে গেল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ঢাকাই চলচ্চিত্রে ওয়াসিমের অভিষেক হয়। নায়ক হিসেবে তার যাত্রা শুরু মহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ সিনেমার মাধ্যমে। দিন যতই যেতে থাকে ওয়াসিমের জনপ্রিয়তা বাড়তে থাকে। বাণিজ্যিক ঘরনার সিনেমার অপরিহার্য নায়ক হয়ে ওঠেন তিনি। শাবানা, ববিতা, কবরী, অলিভিয়া, সুচরিতা, অঞ্জু ঘোষ, অঞ্জনা, নূতন ওই সময়ের এসব অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।
ওয়াসিম অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো: ‘রাতের পর দিন’, ‘দোস্ত দুশমন’, ‘দ্য রেইন’, ‘রাজদুলালী’, ‘বাহাদুর, ‘মানসী’, ‘সওদাগর’, ‘নরম গরম’, ‘বেদ্বীন’, ‘ঈমান’, ‘লাল মেম সাহেব’ প্রভৃতি। ‘বেদ্বীন’, ‘ঈমান’ ও ‘মানসী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন তিনি।
