পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আসন্ন সকল ধরনের সভা-সমাবেশ ও প্রচারণা বাতিল করলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতে করোনার উর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ রবিবার (১৮ এপ্রিল) এক টুইট বার্তায় তথ্যটি জানান কংগ্রেসের সাবেক এই সভাপতি।
অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছেও করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল ধরনের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি রাহুল গান্ধী।
In view of the Covid situation, I am suspending all my public rallies in West Bengal.
— Rahul Gandhi (@RahulGandhi) April 18, 2021
I would advise all political leaders to think deeply about the consequences of holding large public rallies under the current circumstances.
সর্বশেষ গত সপ্তাহের বুধবার বাংলায় প্রচারণায় এসেছিলেন তিনি। উত্তরবঙ্গের গোয়ালপোখর ও মাটিগাড়া-নকশালবাড়িতে দুটি জনসভায় যোগ দেন। আগামী বৃহস্পতিবার রাজ্যে ৬ষ্ঠ ধাপের ভোটগ্রহণ উপলক্ষে বেশ কয়েকটি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল তার। সেগুলো বাতিল করা হয়েছে।
চলমান বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার শরিক দল কংগ্রেস। তাদের অপর শরিক দল বামফ্রন্ট আগেই সকল ধরনের কর্মসূচি বাতিল করেছে। এবার দলীয়ভাবে কংগ্রেস কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা তা জানা না গেলেও টুইট বার্তায় কর্মসূচি বাতিলের ঘোষণা দিলেন রাহুল গান্ধী। আগামী কয়েকদিনের মধ্যে নোয়াপাড়া, বাদুড়িয়া, মালদহসহ বেশ কয়েকটি এলাকায় প্রচারে আসার কথা ছিল তার।
অবশ্য নির্বাচনী কর্মসূচি বাতিলের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূল। দল দুটির শীর্ষ নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এ ব্যাপারে কোনো ঘোষণা দেননি।
ইত্তেফাক/টিএ
