ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
চট্টগ্রাম :নগরীতে লরির ধাক্কায় ইফতেখারুল আলম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। রবিবার সকালে বন্দর নতুন বাইপাস টোল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইফতেখারুল মাদারীপুর সদরের ধুরাইল ইউনিয়নের রশিদ মাতব্বরের ছেলে। বন্দর থানার আকমল হোসেন জানান, লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। লরির চালক ও হেলপার পালিয়েছে।
খুলনা :খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সৈয়দ হাবিবুর রহমানের (৫৫) মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার দামোদর প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান নগরীর খালিশপুর নেভি কলোনি এলাকার মৃত সৈয়দ মোকসেদুর রহমানের ছেলে। নওয়াপাড়া হাইওয়ে থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) সালাউদিন মোল্লা জানান, হাবিবুর রহমান তার মোটরসাইকেলে হেলমেটবিহীন অবস্থায় যশোরের দিকে যাচ্ছিলেন। ফুলতলা উপজেলার দামোদর প্রাইমারি স্কুলের কাছে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
ফেনী :ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের সদর উপজেলার কাজিরবাগ এলাকায় শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাইফুল আহমেদ (২৯) নামের সাবেক ছাত্রলীগ নেতা মারা গেছেন। আহত হয়েছেন মাসুম মির্জা নামের আরেক যুবক। নিহত সাইফুল আহমেদ ফুলগাজী সদর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, বিপরীত দিক থেকে আসা পিকআপকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। দুই জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
