খাদ্যে ভেজাল

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:০২

এদেশের নিত্যনৈমিত্তিক ঘটনা। খাদ্যে এমন সব ভেজাল মেশানো হচ্ছে যা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। রমজান মাস এলে ভেজাল দেওয়ার প্রবণতা আরো বেড়ে যায়। ভেজাল খাদ্য একদিকে যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অন্যদিকে ইসলামের শরীয়ত মতেও চরম অন্যায়। অনেক নামি-দামি ব্র্যান্ডের পণ্যে ভেজাল রয়েছে, আদালত তার প্রমাণ পেয়েছে। আদালত বলেন, ভেজাল পণ্য রোধ বা জব্দ করার কাজ সরকারের। বিএসটিআইয়ের তালিকাতেও অনেক নামি-দামি ব্র্যান্ডের নাম এসেছে যারা ভেজাল পণ্য সরবরাহ করে। কিন্তু বিএসটিআই তাদের শুধু শোকজ করেই দায়িত্ব শেষ করেন। ভেজাল খাদ্য শনাক্তের সঙ্গে সঙ্গে তা বাজার থেকে তুলে নেওয়া উচিত। বিশেষ করে খাদ্যদ্রব্য উত্পাদন, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের প্রতিটি ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি। তাই খাদ্যে ভেজাল মিশ্রণ প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে বিশেষ নজরদারি রাখা প্রয়োজন। পবিত্র রমজান মাসে এই বিষয়ে আরো গুরুত্ব আরোপ করতে হবে। ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক।

মুহাম্মদ মিযানুর রহমান

নাজিরপুর, পিরোজপুর