গুলিবিদ্ধ ১, গ্রেফতার ২
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা বোর্ডমিল এলাকায় শনিবার সন্ধ্যায় সরকারি বনের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মানিক হোসেন (২৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।
জানা যায়, কালিয়াকৈর রেঞ্জের অধীন চন্দ্রা বিটের চন্দ্রা বোর্ডমিল এলাকায় বন বিভাগের সরকারি জমিতে (হাজি খাদেম আলী ও মৃত নুর মোহাম্মদের প্লটে) অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকান হাজি খাদেম আলীগং নিয়ন্ত্রণ করে আসছে। কিন্তু গত কয়েক দিন ধরে ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে স্থানীয় মোস্তাফা, সুলতান আহম্মদ ও তোফাজ্জল হোসেন টিপুসহ কয়েক জন যুবক ঐসব ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় তোফাজ্জল হোসেন টিপু, মোস্তাফা ও সুলতান আহম্মদের নেতৃত্বে একদল যুবক ঐসব দোকান থেকে প্রতিদিনের ভাড়া তুলতে গেলে খাদেম আলী ও নুর মোহাম্মদ আলী মার্কেটের দোকানদাররা পালটা হামলা চালায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মানিক মিয়া নামের এক যুবক ডান পায়ে গুলিবিদ্ধ হন। তাকে মুমূর্ষু অবস্থায় গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাদশা মিয়া ও রানী বেগম নামে দুই জন বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ রবিবার ভোরে মো. খাদেম আলী (৬৫) ও রাকিবুল ইসলাম (২৬) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। কালিয়াকৈর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কালিয়াকৈর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
