সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন আর নেই

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১১

সিরাজগঞ্জ প্রতিনিধি ও তাড়াশ সংবাদদাতা

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ম ম আমজাদ হোসেন মিলন (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল রবিবার লাইফ সাপোর্টে চিকিত্সাধীন অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দুই ছেলে  মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। বাদ আসর তাড়াশ সদর ঈদগাহ ময়দানে গার্ড অব অনার শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি মাগুড়াবিনোদ স্থানীয় স্কুল ময়দানে দ্বিতীয় জানাজা শেষে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। গাজী ম ম আমজাদ হোসেন মিলন ১৯৭১ সালে চলনবিলে যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুবশিবিরের সহ-সর্বাধিনায়ক হিসেবে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দুই বার চেয়ারম্যান, তাড়াশ উপজেলা পরিষদের দুই বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের একাধিকবার কমান্ডারে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৪ সালে উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য সদস্য নির্বাচিত হন।