ওয়াসিম ছিলেন সাবেক ক্রীড়াবিদ

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:১৫

শরীর গঠন ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক

 স্পোর্টস রিপোর্টার

প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিম এক সময় ক্রীড়াবিদ ছিলেন। শরীর গঠন লড়াইয়ে তার অবস্থান ছিল ঈর্ষণীয়। বাংলাদেশের চলচ্চিত্রে যেসব নায়ককে দেখা গেছে তাদের মধ্যে ওয়াসিম ছিলেন আলাদা অবস্থানে। রূপালী পর্দায় তার দৈহিক গঠন বাড়তি নজর কাড়ত। ওয়াসিমের সুঠাম দেহ চলচ্চিত্র নির্মাতাদের কাছে আলাদা কদরও ছিল। আকর্ষণীয় শরীর গঠন করতে গিয়ে খেলাধুলার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। এক সময় মিস্টার ইস্ট পাকিস্তান খেতাব পেয়েছিলেন ওয়াসিম। শনিবার রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেন ওয়াসিম। কাছের মানুষটি চলে যাওয়ায় শরীর গঠন ফেডারেশনের প্রধান বিচারক জহির চৌধুরীর মনটা ভালো নেই। তিনি বললেন, ‘ওয়াসিম ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলেন। খুবই ভালো মনের অধিকারী ছিলেন তিনি।’

শুধু খেলাধুলাই নয় কর্মকর্তার দায়িত্বও পালন করেছেন ওয়াসিম। তিনি শরীর গঠন ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন ১৯৭৩ সালে। টানা পাঁচ বছর এই দায়িত্ব পালন করেন তিনি। তখন ওয়াসিম নামে নয়, সাধারণ সম্পাদকের অনার বোর্ডে তার নাম ছিল মেসবাউদ্দিন আহম্মেদ। জহির চৌধুরী বললেন, ‘সিনেমায় চলে যাওয়ায় খেলাধুলা হতে দূরত্ব হয়ে যায়। তার পরও ওয়াসিম ক্রীড়াঙ্গনে আসতেন মাঝে মাঝে।