বাজেটে ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতিফলন থাকবে :অর্থমন্ত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:২৭

আগামী বাজেটে ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতিফলন থাকবে বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বর্তমান করোনা ভাইরাসের এ কঠিন পরিস্থিতির মধ্যেও ব্যবসা চালিয়ে নেওয়া ও রাজস্ব প্রদান করায় ব্যবসায়ীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। গতকাল রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। অতীতের ন্যায় বাজেটের আগে এনবিআর ও এফবিসিসিআই বড় আকারে এ সভার আয়োজন করে। ৪১ততম পরামর্শক কমিটির এ সভায় ব্যবসায়ী নেতারা তাদের বাজেট সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। সভা পরিচালনা করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আপনাদের কোনো প্রস্তাব অযৌক্তিক নয়। গত বছরও ব্যবসাবান্ধব বাজেট করেছি। এবারো তার প্রতিফলন দেখতে পাবেন। আপনাদের আরো শক্তিশালী হয়ে এগুতে হবে। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে আয়কর, ভ্যাট ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়া বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারাও তাদের প্রস্তাব তুলে ধরেন।

আগামী জুনের শুরুতে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করবে সরকার। বাজেটের আগে ইতিমধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শমূলক আলোচনা হয়েছে। গতকাল ছিল আনুষ্ঠানিকভাবে শেষ ও সবচেয়ে বড় সভা।