১২টি বিশেষ ফ্লাইটে প্রবাসী কর্মীরা গেলেন কর্মস্থলে

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:২৮

কিছুটা বিশৃঙ্খলা থাকলেও বিদেশগামী প্রবাসীকর্মীদের পরিবহনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রবিবার সকাল থেকে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় রিয়াদের উদ্দেশ্যে বিশেষ ফ্লাইট রওনা দেয়। দুইটি বিশেষ ফ্লাইটযোগে সৌদি আরব ও ওমান যান ৪৭৬ জন প্রবাসীকর্মী। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটে যান। দুবাইয়ে রওনা হয় একটি বিশেষ ফ্লাইট। এই তিনটি ফ্লাইট বাদে আরো ৯টি ফ্লাইটে দেড় সহস াধিক যাত্রী নিজেদের কর্মস্থলে যায়। মোট পাঁচটি দেশের উদ্দেশ্যে ফ্লাইটগুলো ছেড়ে যায়।

জানা যায়, গত শনিবার সৌদি আরবের রিয়াদ ও দাম্মামে বিশেষ ফ্লাইট ল্যান্ডিংয়ের অনুমতি না পাওয়ায় সিডিউল বিপর্যয় ঘটে। অর্ধেক ফ্লাইট বাতিলও হয়। এতে বিপাকে পড়েন প্রবাসীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের উপ-মহাপরিচালক তাহেরা খন্দকার বলেন, সৌদি আরবের জেদ্দায় আগে থেকে অনুমোদন ছিল, কিন্তু রিয়াদ ও দাম্মামে পৃথকভাবে অনুমোদন দরকার হয়। যা পরে মিলেছে। তিনি বলেন, এখন কোনো সমস্যা নেই।

গতকাল রবিবার দাম্মামে বাড়তি একটি ফ্লাইটও যুক্ত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় দিনে মোট ১২টি বিশেষ ফ্লাইট পরিচালিত হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান বলেন, পাঁচটি দেশে ১২টি বিশেষ ফ্লাইটের স্লট নির্ধারিত আছে।