একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নাট্য শিক্ষক বীর মুক্তিযোদ্ধা এস এম মহসিন আর নেই। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
রাষ্ট্রীয় সম্মাননা জানিয়ে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা এস এম মহসিনকে। গতকাল রবিবার বেলা ২টা ৪০ মিনিটে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তারপর পরীবাগ মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন মহসিন। তার ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল। প্লাজমা দেওয়াসহ নানাভাবে চেষ্টা করেছেন চিকিত্সকেরা। তার দুই ছেলে রয়েছেন—রেজওয়ান মহসিন ও রাশেক মহসিন। তার জন্মস্থান টাঙ্গাইল জেলায়।
এস এম মহসিন বাংলাদেশের এক জন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। নাটকে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক ছিলেন।
এস এম মহসিন আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ ছাড়াও অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন। তিনি থিয়েটার দল ড্রামা সার্কেল এ অভিনয় করেছেন। তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলোশিপ লাভ করেন। পেয়েছেন শিল্পকলাসহ অসংখ্য পদক।
