নড়াইলে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া একটি আপত্তিকর স্ট্যাটাস নড়াইলের কালিয়ায় ভাইরাল হয়েছে। ঐ ঘটনায় মো. বরকত মোল্যা (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে উপজেলার নড়াগাতি থানা পুলিশ। তিনি উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. নূর মিয়া মোল্যার ছেলে। ঐ ঘটনায় নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরসালিন খন্দকার বাদি হয়ে শনিবার রাতে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, ‘বরকত আর্ট’ নামের একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঐ আপত্তিকর স্ট্যাটাসটি দেওয়া হয়। ফেসবুকে ছড়িয়ে পড়লে সেটি ভাইরাল হয় এবং ঘটনাটি নড়াগাতি থানা পুলিশের নজরে আসে। পুলিশ শনিবার বিকাল ৪টার দিকে কলাবাড়িয়া বাজার থেকে বরকতকে আটক করে। পরে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা মুরসালিনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে গতকাল রবিবার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। নড়াগাতি থানার ওসি  রোকসানা খাতুন  বলেছেন, আসামির সহযোগীদের খুঁজে বের করতে পুলিশী তত্পরতা অব্যাহত রয়েছে।