আমি কটাক্ষ করে বলেছি ‘সরকার ইলিয়াসকে গুম করেনি’:মির্জা আব্বাস

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:৪০

বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজের বিষয়ে দেওয়া বক্তব্য গণমাধ্যমে ‘বিকৃত করা হয়েছে’ বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমার সহজ-সরল পরিষ্কার মনের সরল উক্তিগুলোকে বিকৃত করে আমাদের সাংবাদিক ভাইয়েরা যার যেখানে প্রয়োজন, কেটে-ছিঁড়ে,  পোস্টমর্টেম করে, কাটপিস করে ইচ্ছামতো লাগিয়ে দিয়েছেন। কী কারণে করা হয়েছে তা আমি জানি না। সকালে ইলিয়াস আলীর বাসায় গিয়েছেন একদল সাংবাদিক। তার স্ত্রীকে গিয়ে রীতিমতো চার্জ করেছেন, বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে। এটাই বা কেন? কী এমন ঘটনা ঘটল যে, হঠাত্ করে এ বিষয়টা নিয়ে এত মাথা ঘামাতে হবে?’ গত শনিবারের এক              ভার্চুয়াল আলোচনার বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই সব সংবাদের উদ্ধৃতি দিয়ে গতকাল রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস এ অভিযোগ করেন। তিনি বলেন, “পত্রিকায় এসেছে, ‘সরকার বা আওয়ামী লীগ ইলিয়াসকে গুম করে নাই’—এ কথা আমি বলিনি। আমার বক্তব্যকে বিকৃত করে পেঁচিয়ে লেখা হয়েছে, টুইস্ট করা হয়েছে। ‘বিএনপির নেতারাই ইলিয়াস আলীকে গুম করেছে’—আমি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য হয়ে আমার পক্ষে এই কথাটা কি বলা সম্ভব? অর্থাত্, নিজের মাথায় নিজের বোমা ফাটানো, এটা সম্ভব না। এখানেও টুইস্ট করা হয়েছে।”

‘সরকার ইলিয়াসকে গুম করেনি’—এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস সংবাদ সম্মেলনে বলেন, “আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়ে কেন বলব, ‘আমি জানি সরকার জড়িত নয়।’ আমি কটাক্ষ করে বলেছি। ইট মিনস সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে। সরকারকেই জবাব দিতে হবে। এই সরকারের সময়ে একজন জলজ্যান্ত ইলিয়াস, একজন তরতাজা ইলিয়াস, সত্যভাষী একজন ইলিয়াস গুম হয়ে যাবে? সরকার জানে না? তাহলে কে করল গুম? আমি এটা বলতে চেয়েছি।”

মির্জা আব্বাস সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘গত ৯টি বছর ইলিয়াস গুম হওয়ার পরে কোনো পত্র-পত্রিকায় একটি দিবস পালন করেনি। সেই ইলিয়াস আলীর জন্য আজকে কেন সাংবাদিকদের মাথা খারাপ হয়ে গেল? আমি কোনো সাংবাদিককে দোষারোপ করছি না।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে সত্য বক্তব্যটা যদি তুলে ধরতেন, তাহলে ভালো হতো। আমি এমন কোনো কথা বলিনি, যার জন্য জাতির কাছে, দেশের কাছে, বিএনপির কাছে কিংবা আমার নেতাকর্মীর কাছে আমাকে বিব্রত হতে হবে। আমার বক্তব্য শনিবার যারা শুনেছেন তারা হয়তো বুঝে উঠতে পারেননি। আমি দুঃখিত যে, আমি বোঝাতে পারিনি। শনিবারের বক্তব্যের কাটপিস তুলে ধরে সামনের অংশ, পেছনের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে যার যেখানে যতটুকু প্রয়োজন নিয়ে মনের মাধুরী দিয়ে বিস্তারিত লিখেছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। এর সঙ্গে আমার দল এবং আমি কোনো দায়-দায়িত্ব বহন করি না। যারা বলছেন, যারা লিখেছেন, তার জন্য তারাই দায়িত্ব বহন করবেন।’

শাহজাহানপুরে নিজের বাসায় এই সংবাদ সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, আবদুস সালাম আজাদ ও কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।