নিখোঁজের পাঁচ দিন পর ইজিবাইক চালকের মরদেহ মিলল মর্গে

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২২:৪১

ময়মনসিংহের গৌরীপুর থেকে নিখোঁজের পাঁচ দিন পর শনিবার শাহীনুর ইসলাম খান (৫০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহীনুর উপজেলার নন্দীগ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। গত সোমবার বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পুলিশের ধারণা, ছিনতাইকারীরা চেতনানাশক নিয়ে শাহীনুরকে অজ্ঞান করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, শাহীনুর ইসলাম খান মুদি দোকানি ছিলেন। গত ৬ এপ্রিল ইজিবাইক কিনে এলাকায় ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করতেন। গত ১২ এপ্রিল সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন শাহীনুর। কিন্তু রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ১৩ এপ্রিল গৌরীপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এক পর্যায়ে জেলা কোতোয়ালি থানা পুলিশের মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে শাহীনুরের সন্ধান পায় পরিবার। জানা যায়, গত ১২ এপ্রিল বিকালে হাসপাতালের ভর্তি করা হয় শাহীনুরকে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। ইজিবাইকটিও পাওয়া যাচ্ছে না।

গৌরীপুর থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ অপরাধী চক্র ইজিবাইকটি ছিনতাই করতে চালককে অজ্ঞান করে ফেলে যায়। সেখান থেকে হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।