যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা থামছে না। গত শনিবার দিবাগত রাতেও বন্দুক হামলায় তিন জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরো দুই জন। হামলার কারণ জানাতে পারেনি পুলিশ। মাত্র কয়েক দিন আগেই ইন্ডিয়ানা রাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে বন্দুক হামলায় আট জন নিহত হন, যার মধ্যে চার জনই ভারতীয়। খবর সিএনএনের
উইসকনসিন রাজ্যের কেনোশা কাউন্টির শেরিফ জানিয়েছেন, দ্য সামার হাউজ নামের একটি পানশালার ভেতরে ও বাইরে গুলি চালানো হয়। শেরিফ ডেভিড জি বেথ জানান, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বেথ জানান, এক ব্যক্তি পানশালার বাইরে যান এবং কিছুক্ষণ পরেই গুলি শুরু করেন। তিনি বলেন, ঐ ব্যক্তি কেন বাইরে গেলেন এবং তার সঙ্গে আর কেউ আছে কি না, তা জানা যায়নি। হামলাকারী সম্পর্কে কিছু জানা যায়নি। তার সম্পর্কে কোনো তথ্য পেলে পুলিশকে জানাতে বলা হয়েছে। শেরিফ বলেন, এটা সন্ত্রাসী কার্যক্রম বলে মনে হচ্ছে না। গত ১৬ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে অন্তত ৪৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। আটলান্টার তিনটি স্পা সেন্টারে গুলিতে মারা গেছেন আট জন।
