জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। প্রাথমিক সুরতহালে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যু স্বাভাবিক ছিল বলে জানা গেছে।
ড. তারেকের ভাই মো. মিঠু জানান, তার ভাইয়ের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দাফন হবে পিরোজপুর জেলার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে। শনিবার দুপুরে রাজধানীর তুরাগ থানাধীন ১৮ নম্বর সেক্টরের রাজউক ফ্ল্যাট প্রকল্পের দোলনচাঁপা ভবনের ১৩০৪, নম্বর ফ্ল্যাটের দরজা ভেঙে ড. তারেকের লাশ উদ্ধার করে পুলিশ।
