যাত্রাবাড়ীতে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২৩:৫৭

গতকাল শনিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কের মনা টাওয়ারের সামনে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে মো. বাবলু হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহতের ভগ্নীপতি শফিকুল ইসলাম জানান, গত রাতে বাবলু আমার বাসা কাজলা থেকে কামাল নামে এক জনকে নিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিল। পথিমধ্যে এলাকার রতনসহ তিন/চার জন সন্ত্রাসী মাদক ব্যবসায়ী তার রিকশাকে থামায় এবং বাবলুকে নামিয়ে তার ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তার প্রাথমিক চিকিত্সা দিয়ে বাবলুকে ছেড়ে দেন। বাসায় আনার পর বাবলুর অবস্থার অবনতি হলে দ্রুত আবারও তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক রাত আড়াইটার দিকে বাবলুকে মৃত ঘোষণা করেন।

শফিকুল জানান, তার শ্যালক বাবলুর বাসা দক্ষিণ যাত্রাবাড়ীতে। বাবা মৃত আবুল হোসেন। বাবলু দক্ষিণ যাত্রাবাড়ী খালপাড় এলাকায় একটি স্টিল ফার্নিচার কারখানায় কাজ করত। ঐ কারখানার পাশে রতন ও তার এক বন্ধু প্রতিদিনই ইয়াবা সেবন করত। বাবলু তাদের সেখানে ইয়াবা সেবন করতে নিষেধ করে। এই নিয়ে তাদের মধ্যে কয়েক বার কথা-কাটাকাটি হয়। এ কারণে বাবলুকে তারা হত্যা করতে পারে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় রতনসহ আরো একজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বাবলুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।