বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের সুপারস্টার, এক সময়ের পর্দা কাঁপানো নায়ক, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী ওয়াসিমকে গতকাল রবিবার বাদজোহর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে?
বাদজোহর গুলশানের আজাদ মসজিদে নায়ক ওয়াসিমের প্রথম নামাজে জানাজা এবং বনানীতে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়।
গত শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
ওয়াসিম বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজীর ছোট বোনকে। এই দম্পতির দুটি সন্তান- পুত্র দেওয়ান ফারদিন এবং কন্যা বুশরা আহমেদ। ২০০০ সালে তার স্ত্রী মৃত্যুবরণ করেন। ২০০৬ সালে ওয়াসিমের কন্যা বুশরা আহমেদ ১৪ বছর বয়সে মারা যায়। পুত্র ফারদিন লন্ডনের কারডিফ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ব্যারিস্টার হিসেবে আইন পেশায় নিয়োজিত।
১৯৫০ সালের ২৩ মার্চ চাঁদপুর মতলব উত্তরের আমিরাবাদ এলাকার ফরাজিকান্দিতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মেজবাহ উদ্দিন আহমেদ। কলেজ জীবনে তিনি বডি বিল্ডার হিসেবে নাম করেছিলেন। ১৯৬৪ সালে তিনি বডি বিল্ডিংয়ের জন্য ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেছিলেন। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন ওয়াসিম।
