ফুডপান্ডার কর্মী আব্দুল লতিফকে মারধরের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের বহিষ্কৃত ব্যক্তিগত কর্মকর্তা শাহিদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার পৌর এলাকার মালঞ্চ ওয়াপদা রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল রবিবার পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে। শনিবার আব্দুল লতিফ বাদী হয়ে তাকে মারধর করে ৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এর আগে দায়িত্বহীনতাসহ নানা অনিয়মের অভিযোগে গত মার্চে তাকে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পদ থেকে বহিষ্কার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সুজন ফুডপান্ডার মাধ্যমে খাবারের অর্ডার দেন। এরপর আবদুল লতিফ খাবার নিয়ে মালঞ্চ ওয়াপদা রোডে তার বাসার নিচতলায় যায়। ফুডপান্ডার ঐ কর্মী মোবাইল ফোনে তাকে খাবার নিয়ে যেতে বললে তিনি চারতলায় বাসায় পৌঁছে দিতে বলেন। এ সময় লতিফ রোজা রেখে চারতলার উঠতে পারবেন না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে নিচে নেমে লতিফের গালে চড়থাপ্পর ও কিলঘুষি মারেন সুজন। পরে স্থানীয়রা ঐ কর্মীকে উদ্ধার করে। এ দৃশ্যটি পাশের কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফ এম সায়েদ জানান, ফুডপান্ডার এক কর্মীকে মারধরের ঘটনায় সুজনকে গ্রেফতার করা হয়েছে।
