ফতুল্লায় বৃষ্টি আক্তার মরিয়ম (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে ফতুল্লার উত্তর নরসিংহপুর বাবুলের ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী হেলাল উদ্দিনকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আটককৃত হেলাল বরগুনা জেলার আমতলী থানার মো. মোশারফ হোসেনের পুত্র। ফতুল্লা মডেল থানার এসআই হাসান জানান, লোকমুখে সংবাদ পেয়ে তিনি গতকাল রবিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে গামছায় প্যাঁচানো জানালা থেকে বৃষ্টি আক্তার মরিয়মের মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গৃহবধূর স্বামী হেলাল উদ্দিনের বরাত দিয়ে তিনি জানান, গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। গতকাল রবিবার সকালে স্বামী বাসা থেকে বের হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ। পরে পাশের ঘরের এক জনকে নিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পায় স্ত্রীর ঝুলন্ত লাশ।
