রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে চেক প্রজাতন্ত্র। ২০১৪ সালে চেক প্রজাতন্ত্রের একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল বলে অভিযোগ এনে রুশ কর্মকর্তাদের বহিষ্কার করা হয়। চেক প্রজাতন্ত্রের পক্ষ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চেক প্রজাতন্ত্র ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য। অস্ত্র গুদামে ঐ বিস্ফোরণে নিহত হয় দু’জন। চেক প্রধানমন্ত্রী আন্দ্রে বাবুশ বলেছেন, এই বিস্ফোরণের সঙ্গে রুশ গোয়েন্দা সংস্থা জিআরইউ’র একটি ইউনিটের যোগসাজশ খুঁজে পাওয়ার পর তার দেশকে ব্যবস্থা নিতে হয়েছে। দেশটির সম্প্রতি এই পদক্ষেপের কারণে মস্কোয় অবস্থিত চেক প্রজাতন্ত্রের দূতাবাস বন্ধ করার বিষয়ে বিবেচনা করতে পারে রাশিয়া। —বিবিসি
