‘লকডাউনে’ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৩:১৫

দেশব্যাপী চলমান লকডাউনে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়। 

রাজধানীতে সম্প্রতি এক চিকিৎসকের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের আইডি কার্ড ব্যবহারের নির্দেশনা দিলো স্বাস্থ্য অধিদফতর।

দেশে করোনা ভাইরাসে সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে প্রথম দফায় সাত দিনের ‘লকডাউন’ শুরু হয়। তবে তার ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর ১৪ এপ্রিল থেকে দ্বিতীয় দফয় কঠোর লকডাউন দেয় সরকার, যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

গতকাল করোনা ভাইরাসে দেশে সর্বোচ্চ ১০২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৩৮৫ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাত লাখ ১৮ হাজার ৯৫০ জন।

ইত্তেফাক/এএএম