তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:০০

কম্পিউটার ব্যবহার নিয়ে জানা-অজানা বিষয়

মো. মোস্তাফিজার রহমান, প্রভাষক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

নামুড়ী মহাবিদ্যালয়, লালমনিরহাট

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তথ্য ও যোগাযোগ

প্রযুক্তির এ যুগে তথ্যের ভাণ্ডার সমৃদ্ধ করতে এবং তথ্যের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে কম্পিউটার একটি অপরিহার্য মাধ্যম। তাই চলো আজ আমরা কম্পিউটারের সঠিক ব্যবহার সম্পর্কে কিছু প্রয়োজনীয় বিষয় জেনে নেই-

১. কম্পিউটারের ধারে কাছে ধোয়া, ধুলা বা ঐ ধরণের কিছুর প্রবেশ বন্ধ করতে হবে। কারণ এগুলো হার্ডডিস্কে মারাত্মক কুফল বয়ে আনতে পারে।

২. কম্পিউটারকে সরাসরি সূর্যের আলো কিংবা আর্দ্র আবহাওয়া থেকে দূরে রাখতে হবে। সাধারণত: এসি রুম হলে ভালো হয়। ঘরের মধ্যে যেন কখনো ভেজা আবহাওয়া না থাকে এবং ঘরটি মোটামুটি ঠাণ্ডা থাকে।

৩. দেয়াল ঘেঁষে কখনই কম্পিউটারকে রাখা যাবে না। প্রতিটি কম্পিউটারের মধ্যে নিজেকে ঠাণ্ডা রাখার জন্য বিশেষ ব্যবস্থা থাকে। দেয়াল ঘেঁষে রাখলে সে ব্যবস্থা বাধাগ্রস্থ হয়। এছাড়াও দেয়াল থেকে চুন, রং ইত্যাদি খসে কম্পিউটারের মধ্যে প্রবেশ করলে কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে।

৪. কম্পিউটার চালু করার আগে অবশ্যই দেখে নিতে হবে এর সাথে লাগানো তারগুলো ঠিকঠাকভাবে যুক্ত আছে কিনা। কোনো তার ঢিলা থাকলে স্পার্ক হয়ে কম্পিউটার ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে।

৫. কম্পিউটারে বিদ্যুত্ সংযোগ অবশ্যই ভোল্ট স্ট্যাবিলাইজার মাধ্যম হতে হবে। কারণ আমাদের দেশে বিদ্যুতের উঠা-নামা যে দ্রুত গতিতে হয় তাতে কম্পিউটার হঠাত্ করে খুব বেশী ভোল্টেজ চলে আসতে পারে। এতে কম্পিউটারের নাজুক জিনিসগুলো পুড়ে যেতে পারে।

৬. ডিস্ক ড্রাইভ এর লাইটজ্বলা অবস্থায় কখনোই ডিস্ক বের করা যাবে না। করলে ডিস্ক ড্রাইভ এর রিডার হেড নষ্ট হয়ে যেতে পারে।

৭. কম্পিউটারের সিগন্যাল বাতি (লাল এন্টিগেটর বাল্ব) মিটমিট করে জ্বলতে থাকলে  বোঝতে হবে কম্পিউটার কোনো না কোনো কাজ করছে। এই অবস্থায় কম্পিউটারের সুইচ সরাসরি বন্ধ করা যাবে না। এতে হার্ডডিস্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।

৮. কম্পিউটারের হার্ডডিস্ক কখনই ফরমেট করা উচিত নয়। সংরক্ষিত তথ্যসমূহ দূর থেকে পাওয়ার জন্য এবং অধিক নিরাপদে রাখার জন্য ড্রপবক্স, স্কাইড্রাইভ কিংবা গুগল ড্রাইভে ব্যাকআপ রাখা যেতে পারে। অথবা নির্দিষ্ট কিছু অ্যাপলিকেশনের সাহায্যে দূর থেকেই নিজের কম্পিউটারে প্রবেশ করে প্রয়োজনীয় কাজটি সাড়া যায়।   

 ৯. কম্পিউটারের কাজ করার সময় অস্থির হয়ে কিছু করা যাবে না। এমন অনেক কাজ আছে যা সম্পাদন করতে কম্পিউটার কিছুটা সময় নিতে পারে। অস্থির হয়ে কিছু করলে কম্পিউটারের স্বাভাবিক কাজের ব্যাঘাত সৃষ্টি হবে। ফলে কম্পিউটারের ক্ষতি হয়ে যেতে পারে।

১০. কম্পিউটার কীবোর্ড একটি প্রয়োজনীয় অংশ। এই কী-বোর্ডের বোতামগুলো খুবই স্পর্শকাতর। খুব বেশি জোরে চাপ দিয়ে অপারেট করা উচিত নয়। কী-বোর্ডের কাছাকাছি কোনো পানীয়দ্রব্য বা তরল পদার্থ রাখা যাবে না।

১১. পেনড্রাইভ অথবা কাড রিডার সংযুক্ত করলে স্ক্যান করে নেয়াই কম্পিউটারের জন্য নিরাপদ।

১২. কোনো একটি প্রোগ্রামে কাজ করার সময় সেই প্রোগ্রাম বন্ধ না করে সরাসরি সুইচ টিপে কম্পিউটার বন্ধ করা যাবে না। কম্পিউটার বন্ধ করতে হলে পর্যায়ক্রমিকভাবে সব প্রোগ্রামগুলো বন্ধ করে কম্পিউটারের নির্ধারিত শাটডাউন পদ্ধতিতে বন্ধ করতে হবে।